‘প্রতিবেশী দেশের চলচ্চিত্র আমদানিতে বিধি-নিষেধ চান না প্রধানমন্ত্রী’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫৫ পিএম

কলকাতার নতুন বাংলা চলচ্চিত্র বাংলাদেশে দ্রুত মুক্তির বিষয়ে দেশটির সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে আনন্দবাজার দাবি করেছে, প্রতিবেশী দেশের চলচ্চিত্র আমদানিতে বিধি-নিষেধ চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষ বাংলা দৈনিকটি এমন দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, কলকাতার নতুন বাংলা চলচ্চিত্র বাংলাদেশে দ্রুত মুক্তির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ায় বাংলাদেশজুড়ে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছে সিনেমা হল মালিকদের সংগঠন।

সিনেমা হল মালিকদের সংগঠন ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পকে কোনো দেশের গণ্ডিতে বেঁধে রাখা অনুচিত বলে মনে করে শেখ হাসিনার সরকার।

তিনি প্রদর্শকদের আরও জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দুরবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বিগ্ন। নতুন উদার বিশ্বব্যবস্থায় ‘পড়শি দেশের’ চলচ্চিত্র আমদানিতে বিধি-নিষেধ থাকুক তিনিও চান না।

এমনকি কলকাতায় নামী পরিচালকদের জনপ্রিয় চলচ্চিত্র বাংলাদেশে দেখানো হলে ঢাকার চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যাবে বলে যারা মনে করেন, সরকার তাদের সঙ্গে একমত নন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বৈঠকে বলেছেন- ‘‘ঢাকায় তৈরি সিনেমা যে মানুষকে সিনেমা হলে টানতে পারছে না, এটা বাস্তব। এজন্য সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে মুক্তির পরেই সে দেশের জনপ্রিয় চলচ্চিত্রগুলো যাতে বাংলাদেশে দেখানো যায়, সে বিষয়ে বিধি-নিষেধ আলগা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারের শীর্ষমহল।”

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস জানিয়েছেন, তথ্যমন্ত্রীর এই সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত