শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১১:২১ পিএম

রাজধানীর আশপাশের নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় কাঞ্চন সেতুর পূর্বপাড়ে শীতলক্ষ্যা নদীতীরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বেশ কটি পাকা স্থাপনাসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের অভ্যন্তরে এবং আইন অমান্য করে নদীর সীমানার ১৫০ ফুটের ভেতরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল সকাল ১০টায় অভিযানে নামে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় চারটি পাকা, ছয়টি আধাপাকা বসতবাড়ি এবং একটি বস্ত্র কারখানাসহ অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় মমিন টেক্সটাইলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএর  সমন্বয়ে নদীর সীমানাসংক্রান্ত পুনরায় জরিপকাজ সম্পন্ন করা হয়েছে। পুনরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে। উচ্ছেদের আগে অবৈধ দখলদারদের স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে নোটিস দেওয়া হয়েছিল। এরপরও তারা সরিয়ে না নেওয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। নদী দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত