ভারতে লোকসভা নির্বাচনের মুখে দলের এক নারী নেত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে। ভোটের আগে এ ঘটনায় ওই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, রানাঘাটের বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক রঞ্জন সাহার বিরুদ্ধে নিজ দলের নারী নেত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বিজেপির ওই নারী নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের দিকে ভোট প্রচারের কিছু জিনিস নিতে তিনি পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। পরে কৌশলে কোনোরকমে তিনি ওই জায়গা থেকে পালিয়ে আসেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর গোটা বিষয়টি বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি ও লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার-সহ দলের শীর্ষ নেতাদেরও জানানো হয়। কিন্তু, অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বিজেপি নেতৃত্ব।
এদিকে, এ বিষয়ে রানাঘাট কেন্দ্রের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার বলেন, 'যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার বয়স সত্তর পেরিয়ে গিয়েছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।'
