নায়ক ফেরদৌসের পর ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচার অভিযানে অংশ নিয়ে ফেঁসে যাচ্ছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’র অন্যতম চরিত্র ‘রাজা রাজচন্দ্র’। চরিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বাগেরহাটের ছেলে গাজি আবদুন নূর।
জানা গেছে, গত রোববার ভবানীপুরে তৃণমূলের প্রার্থী সাবেক মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি।
এ ছাড়া দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারেও ছিলেন তিনি। ওই সময় সৌগত রায়ের সঙ্গে তাকে খোলা গাড়িতে দেখা গেছে।
তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছে বিজেপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল।
উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ভারতে যান চিত্রনায়ক ফেরদৌস। বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচারণাও চালান তিনি। জানা যায়, ভারতের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালালের হয়ে ভোট চেয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক।
ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নেওয়া নিয়ে ভারতে শুরু হয় বিতর্ক। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুধু পশ্চিম বঙ্গে নয়, অভিযোগ গিয়ে পৌঁছে দিল্লিতেও।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ফেরদৌস কীভাবে ভারতে লোকসভা ভোটের প্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বিতর্কের মুখে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেয় বাংলাদেশি হাই কমিশন।
পরে নির্ধারিত সফর শেষ হওয়ায় ফেরদৌস বুধবার ঢাকায় ফেরেন।
