আশুগঞ্জ আ. লীগের ১০ নেতাকে বহিষ্কার চেয়ে কেন্দ্রে চিঠি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামীলীগের কোন্দল প্রকাশ্যে এসেছে। একাংশের ১০ নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি দিয়েছে অপর অংশ।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রকাশ্যে বিরোধিতা, দলীয় নেতা-কর্মীদের মারধর, নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর, প্রধানমন্ত্রী, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, উপদেষ্টা তোফায়েল আহমেদের মিথ্যা বাণী সংবলিত লিফলেট ছাপানোর অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবি জানানো হয়।

যাদের বহিষ্কার চাওয়া হয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মঈনউদ্দিন মইন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাসের, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক আলী চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম সাজু, সাফি চৌধুরী, মোর্শেদ মাষ্টার, তালশহর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু শামা মাষ্টার।

গত ১৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভায় উল্লেখিত ১০ নেতাকে বহিষ্কারের সুপারিশ করার রেজ্যুলেশন আকারে সিদ্ধান্ত নেওয়া হয়।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া, যুগ্ম্-আহ্বায়ক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ মুন্সী, যুগ্ম-আহ্বায়ক হাজি মো. খুরশীদ আলমের স্বাক্ষরিত চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ মুন্সী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হাজি সফিউল্লাহ জানান, বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়েছে। তারা কেউ নৌকার নির্বাচন করেনি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাসের জানান, আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ফালতু অভিযোগ আনা হয়েছে। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা বিভিন্ন সময় নৌকার বিরুদ্ধাচরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত