ফেনীর সোনাগাজীতে এবার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের এক জননীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নুরুল আলম (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
নির্যাতিতা বাদী হয়ে বুধবার সকালে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে উপজেলার দক্ষিণ চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকা থেকে নুরুল আলমকে আটক করা হয়। সে মৃত আবদুল হালিমের ছেলে। মামলার অপর আসামিরা হলেন- মিন্টু মিয়ার ছেলে আপেল (২৮) ও আবদুল হালিম প্রকাশ খেজাবাল হাকিমের ছেলে মোশারফ হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নির্যাতিতা ওই গৃহবধূর এক স্বজন অসুস্থ থাকায় ঘরে শাশুড়ি, ননদ কেউ ছিলেন না।রাত সাড়ে ১২টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ওই গৃহবধূর মুখ চেপে ধরে নুরুল আলম, আপেল ও মোশারফ হোসেন পালাক্রমে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে হুস আসলে সকালে ওই গৃহবধূ পুলিশের আদর্শ গ্রাম তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর পরনের ছেঁড়া কাপড়-চোপড় উদ্ধার করেন। পুলিশ নুরুল আলমকে আটক করে।
আদর্শ কেন্দ্রের ইনচার্জ শ্যামল কান্তি দাস জানান, ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নির্যাতিতা নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
