দেশে ইংরেজি ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোকছেদুল ইসলাম।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলা আমাদের রাষ্ট্রীয় ও প্রধান দাপ্তরিক ভাষা। তবে, সংবিধানে বলা আছে, সংবিধান বাংলার পাশাপাশি ইংরেজিতেও রচিত হবে। এর মানে দাঁড়ায় সংবিধানেও ইংরেজি ভাষাকে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া দেশে যত আইন হয়েছে ওই সকল আইন লেখার সময়ই উল্লেখ থাকে যে আইনটি ইংরেজিতেও হতে হবে। তাই ইংরেজিকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে সমস্যা কোথায়?’
মোকছেদুল ইসলাম বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাতে আমাদের ইংরেজি ভাষাও ভালোভাবে জানতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ অনেক দেশেই ইংরেজি ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব যুক্তিতে ইংরেজিকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করা হয়েছে।’
তিনি জানান, রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
