তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস মূল্যায়নে কমিটি গঠন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০১:০০ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিতে আগেই সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা তুলে দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ণ কিভাবে করা হবে তা খুঁজে বের করতে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখা এমন চারটি বিষয়ের উপর মূল্যায়ণ করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।  এই মূল্যায়ন কার্যক্রম ২০২০ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে।  আর এটি চূড়ান্ত করতেই মন্ত্রণালয়ে এক সভায় একটি কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত থাকা কয়েকজন জানান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সভাপত্বিতে সভায় জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহা-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) মহা-পরিচালক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পরীক্ষার পরিবর্তে ক্লাসে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে এনসিটিবি’র প্রণয়ন করা এমন একটি প্রস্তাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।  সেখানে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ মতামত প্রদান করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম হাসিবুল আলমকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবি’র তৈরি করা প্রস্তাবনাটি মূল্যায়ণ ও প্রয়োজনে তা পরিবর্তন করে এ কমিটিকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বুধবার সভা শেষে সাংবাদিকদেরকে বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে।  কিন্তু কোন পদ্ধতিতে ক্লাস মূল্যায়ণ করা হবে সে বিষয়ে দীর্ঘ সভা হয়েছে।  আমরা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছি।  তাদের প্রতিবেদন পাওয়ার পর জেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে কর্মশালা করা হবে।  

এরপর জাতীয় পর্যায়ে একটি সেমিনার করে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।  এর পাশাপাশি তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ণ বিষয়ে শিক্ষাবিদের মতামত নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত