ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সড়কে মানববন্ধন করে। এ সময় নুসরাত হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি উঠে আসে।
অন্যান্য দিনের মতো এদিনও রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় জনতা। তারা হত্যাকাণ্ডে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবিও জানায়। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
ঢাকা : দ্রুত বিচার ট্রাইব্যুনালে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ। বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। চাঁদনী মঞ্চের আহ্বায়ক জামাল মাদবর বলেন, দেশে বিচারহীনতার কারণে নতুন করে খুনি, ধর্ষক জন্ম নিচ্ছে। সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছে না।’ মানববন্ধনে বক্তারা বলেন, ঘাতকদের ছাড় দেওয়া যাবে না। নুসরাত হত্যার বিচারের মধ্য দিয়ে বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রতা থেকে বেরিয়ে আসতে হবে। গোপালগঞ্জ : মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা নুসরাতকে পুড়িয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। এ ছাড়া নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবীসহ সব দল-মতের নাগরিককে একই প্ল্যাটফরমে এসে গণ-আন্দোলনের আহ্বান জানান।
দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার ১১ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এনজিওর কর্মীরা নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টার দিকে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহা অংশ নেন। দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোর্শেদা খাতুন শীলা বলেন, ‘আমাদের আর কত এমন নৃশংস হত্যাকাণ্ড দেখতে হবে? আমাদের দেশে যৌন হয়রানি, ধর্ষণ ইত্যাদি অপরাধকারীদের কঠিন বিচারের আওতায় এনে শাস্তি দিলে এমন ঘটনা অন্য কেউ ঘটাতে সাহস পাবে না। আমরা নারীরা ঘরে, বাইরে এমনকি পরীক্ষার কেন্দ্রেও নিরাপদ নই।’
নীলফামারী : বেলা ১১টায় শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা নারী যোগাযোগ কেন্দ্র আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম নীলফামারী জেলা শাখা, জেলা যুব মহিলা লীগ, জেলা যুব নেটওয়ার্ক, নীলাচল দুস্থ মহিলা কল্যাণ সমিতি, থানাপাড়া নারী মিলন কেন্দ্র ছাড়াও কয়েকটি সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, নুসরাত হত্যার মূল হোতা এস এম সিরাজ-উদ-দৌলাসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ রকম অপরাধ করার সাহস কেউ না পায়।
পিরোজপুর : শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত-তনু-খাদিজারা আজও বিচার পায়নি। আর কত নুসরাতের মৃত্যু হলে হত্যাকারীদের বিচার হবে?
সাতক্ষীরা : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুমিল্লা : নগরীর নজরুল এভিনিউ সড়কে কুমিল্লা আইন কলেজের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবি জানান।
রাজশাহী : সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন হয়। ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) ও জাগরণে আহ্বান যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এস এম আবদুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
