পরীক্ষা ফাঁকি দিতে শরীরে চিকেন পক্সের দাগ বসাল শিশু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৮:২৭ পিএম

পরীক্ষা না দিতে অভিনব এক কৌশলের আশ্রয় নেয় যুক্তরাজ্যের ছয় বছরের এক শিশু। নিজেকে অসুস্থ প্রমাণ করতে মার্কার কলম দিয়ে সারা শরীরে চিকেন পক্সের মতো দাগ বসিয়ে দেয় সে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, পরীক্ষা থেকে ফাঁকি দিতে এ কাজ করলেও অন্য এক বিপাকে পড়ে গেছে লিলি স্কুলি নামে ওই স্কুলশিশু। যে কলম দিয়ে সে শরীরে চিকেন পক্সের দাগ বসায়, সেটি ছিল পারমানেন্ট মার্কার। ফলে শরীর থেকে ওই দাগ মুছতে চারদিন সময় লেগে যায়।

লিলির মা শার্লটে স্কুলি (৩৪) বলেন, ক্লাসে অসুস্থ হয়ে অন্য বন্ধুদের ছুটি নিতে দেখায় এমন পরিকল্পনা তার মাথায় আসে। স্পেলিং টেস্টে অংশগ্রহণ না করতে গায়ে চিকেন পক্সের দাগ বসিয়ে দেয় সে।

কর্নওয়ালের সেন্ট অসটেল এলাকার এ নারী বলেন, স্কুলের হোমওয়ার্ক করবে বলে সে একটি লাল মার্কার কলমটি নিয়ে যায়। পরবর্তীতে তার কৌশল আমরা বুঝে ফেলি।

শার্লটে ও তার স্বামী ডেভিড তো মেয়ের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এমনকি মেয়ের সঙ্গে উল্টো মজা করাও শুরু করেন। যখন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হলো, তখন সে দ্রুত শরীরের দাগ মোছা শুরু করল। তখন দেখা গেল, পারমানেন্ট মার্কার দিয়েই এ কাণ্ড করে বসেছে সে। 

ইউটিউব থেকে লিলি এমন বুদ্ধি পায় বলে মা শার্লটে জানান। দুই সন্তানের এ মা বলেন, লিলির কর্মকাণ্ডে পুরো বাড়ি হাসিতে মেতে থাকি। সে বেশ মজার।

সেই দাগ মুছতে চারদিন সময় লেগে যায়। লিলির মা বলেন, সাবান, গরম পানি, বেবি ওয়েল, অ্যালকোহল সহ নানা কিছু দিয়ে এ দাগ মোছা গেছে।

এদিকে পরদিনই লিলিকে স্কুলে নিয়ে যায় তার মা। তার এ কাণ্ড জেনে তো তাকে নিয়ে রীতিমতো হাসির রোল পড়ে যায় স্কুলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত