সংবাদ সম্মেলনে পুলিশের দাবি

মোটর মালিক সমিতির দ্বন্দ্বে খুন বিএনপি নেতা শাহীন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৫:০৮ এএম

মোটর মালিক সমিতির দ্বন্দ্বে খুন হয়েছেন বগুড়ার পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভুঞা গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সেই সঙ্গে এই হত্যাকান্ডে অংশ নেওয়া দুই আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকান্ডের সময় আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানান তিনি।

পুলিশ সুপার জানান, ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মৃত কালু শেখের ছেলে পায়েল শেখ (৩৮) এবং অন্যতম সন্দেহভাজন আসামি নিশিন্দারা মন্ডলপাড়ার আবু তাহেরের ছেলে রাসেল মিয়াকে (২৮) গ্রেপ্তার এবং রাসেলের হেফাজতে থাকা হত্যাকান্ডের সময় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

১৪ এপ্রিল রাতে বগুড়া সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব আলম শাহীনকে বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা এই হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্বের সবকিছু পুলিশের কাছে প্রকাশ করেছে। তারা পুলিশকে জানিয়েছে, ওই দিন সন্ধ্যার পর মোটর মালিক গ্রুপের একজন নেতার অফিসে গোপন বৈঠক হয়। সেখানে ওই নেতার সঙ্গে বেশ কজন উপস্থিত ছিল।

সেখানে মোটর মালিক সমিতির মামলার বিবাদীপক্ষের নেতা অ্যাডভোকেট শাহীনকে নিষ্ক্রীয় করার সিদ্ধান্ত হয়। পরিকল্পনা অনুসারে মালিক সমিতির ওই নেতার ঘনিষ্ঠ এক সহযোগী তাদের লোকজনকে নিয়ে চারটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায়। সেখানে বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন আগে থেকেই মোটর মালিক সমিতির সাবেক নেতা আলীমুদ্দিন ও মালিক সমিতির হিসাবরক্ষক বাপ্পীর সঙ্গে গল্প করছিলেন। এক পর্যায়ে শাহীনের মোবাইলে ফোন এলে তিনি কথা বলার জন্য একটু দূরে যান। এ সুযোগে অপেক্ষমাণ আততায়ীরা শাহীনের ওপরে হামলা চালায়। তারা শাহীনকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত