ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে দুই ভাই আটক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৯ এএম

সাভারে দায়িত্ব পালনকালে রোকনুজ্জামান নামের এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া সড়কের জিরাবো চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাসিন্দা আবদুল মোতালেব হোসেনের ছেলে মনির হোসেন (৫২) ও রফিক (৪৮)।

পুলিশ জানায়, টঙ্গী-আশুলিয়া সড়কের জিরাবো এলাকায় যানজটের কারণে একটি প্রাইভেটকার ওভারটেক করে রং সাইড দিয়ে যাচ্ছিল। এসময় সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান গাড়িটি সাইড করে কাগজপত্র দেখাতে বলেন।

গাড়ির কাগজপত্র দেখতে গিয়ে চালকের সিটবেল্ট বাঁধা না থাকার কারণে মামলা দিতে চাইলে প্রাইভেটকারে থাকা মনির ও রফিকের সঙ্গে সার্জেন্ট রোকনুজ্জামানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সার্জেন্ট রোকনুজ্জমানকে মারধর করেন দুই সহদোর।

এঘটনায় সড়ক দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা দুই ভাইকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে ওই দুজনকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সার্জেন্ট রোকনুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত