জলবায়ু ও পরিবেশ রক্ষার আন্দোলন দমনে ৪৫০ এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সোমবার থেকে লন্ডনের কয়েকটি ব্যস্ততম রাস্তা আটকে পরিবেশকর্মীদের এ বিক্ষোভ শুরু হয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানায়, বৃহস্পতিবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, আইন অমান্য করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৪৬০ এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবেশকর্মীদের দাবি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ মোকাবিলায় সরকার ব্যর্থ। সরকারকে এ ব্যর্থতা স্বীকার করতে হবে।
তারা জানায়, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা হ্রাস করতে সরকারকে নীতিগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে জলবায়ু মোকাবিলায় লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে নাগরিক পরিষদ গঠন করতে হবে।
এক্সটিঙ্কশন রিবেলিওন নামে একটি পরিবেশ আন্দোলন গ্রুপ এ বিক্ষোভ শুরু করে। ওয়াটার লু ব্রিজ এবং অক্সফোর্ড সহ লন্ডনের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নেয়।
এদিকে পরিবেশকর্মীরা জানিয়েছে, দাবি মেনে না নিলে শুক্রবার তারা হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেবে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের বিশৃঙ্খলা রুখতে তারা পুলিশের সঙ্গে কাজ করছে।
বুধবার রেল যোগাযোগ ব্যাহত করার চেষ্টা চালায় পরিবেশকর্মীরা। তিন বিক্ষোভকারীকে আটক করে আদালতে হাজির করা হয়েছে। বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে দেন।
