উপকূলীয় মানুষ ও পশু-পাখির সুপেয় পানির পুকুর খনন করা হবে: পরিবেশ মন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৯:২১ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ ও পশু-পাখির সুপেয় পানির চাহিদা মিটাতে পর্যাপ্ত পুকুর খনন করে দেওয়া হবে। এছাড়া বিশেষ করে মোংলা এলাকার নদী ভাঙন রোধসহ জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলায় সকল ধরনের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সুন্দরবন ও মোংলা বন্দর আগের চেয়ে এখন অনেক ভাল অবস্থানে আছে। এই মোংলা এক সময়ে মৃত প্রায় ছিল, সেই মৃত বন্দরকে জীবন দান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা সেতু হয়ে গেলে এর সুফল শুধু মোংলা নয় সারা দেশই ভোগ করবে।

মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড.নুরুল কাদির, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) জোনাল কমান্ডার মিনারুল হক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত