‘বায়োপিক’ নয়, মোদিকে নিয়ে কমেডি ছবি বানাতে বললেন ঊর্মিলা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ পিএম

অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা ঊর্মিলা মাতণ্ডকর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বলেছেন ‘তাকে নিয়ে বায়োপিক নয়, বরং কমেডি সিনেমা তৈরী করা উচিৎ’।

ভারতের জাতীয় নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে উত্তর মুম্বই থেকে লড়াই করছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা। নির্বাচনী প্রচারে গিয়ে ঊর্মিলা জানান, প্রধানমন্ত্রী নিজের কথা রাখতে ব্যর্থ। তাই তাঁর বায়োপিক না বানিয়ে কমেডি ছবি তৈরি হওয়া উচিত। তিনি বায়োপিক ছবির যোগ্য নন।

বিজেপির প্রার্থী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস প্রার্থী ঊর্মিলা বলেন, 'মোদির ওপর যে বায়োপিক তৈরি হয়েছে, তা অত্যন্ত হাস্যকর। যিনি নিজের বুকের ৫৬ ইঞ্চি ছাতির গর্ব করেন, অথচ দেশের জন্য কাজ করতে ব্যর্থ। তাই মোদির ওপরে তৈরি হওয়া সিনেমা আসলে গণতন্ত্র, দারিদ্রের ওপর তামাশা ’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’ র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ছবি মুক্তি পাবে না বলে জানিয়েছে কমিশন।
 
মোদির বায়োপিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। এই বলিউড অভিনেতা নিজেকে প্রধানমন্ত্রী মোদীর একজন ফ্যান বলেও উল্লেখ করেন।

সম্প্রতি সাংবাদিকেরা তার কাছে জানতে চেয়েছেন, রাহুল গান্ধির ওপর বায়োপিক তৈরি করা হলে তিনি তাতে অভিনয় করবেন কি না? জবাবে বিবেক সোজাসাপ্টা জানান, রাহুল দেশের জন্য কিছুই করেননি। তাই তাঁর বায়োপিকে অভিনয় করার কোনও প্রশ্নই ওঠে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত