‘শ্রীলঙ্কার হামলা মানবতা ও ভালোবাসাকে মুছে দিতে পারবে না’

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৮:৪২ পিএম

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো শ্রীলঙ্কা। রোববার দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ মোট আটটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট তারকারা।

রোববার ছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। আক্রান্ত গির্জাগুলোতে প্রার্থনারত ছিল সবাই। ঠিক সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতর সংখ্যা দু শ ছাড়িয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন।

তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘এটি হৃদয় বিদারক যে আজ সকালে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে অনেক নিষ্পাপ মানুষ জীবন হারিয়েছে। যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের ও তাদের পরিবারের জন্য দোয়া এবং সমবেদনা। ভালোবাসা এবং মানবতা সব সময় এমন জঘন্য কাজকে জয় করবে।’’

টুইটারে আরেকটি বিবৃতিতে তামিম লিখেছেন, ‘‘শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর খবর আমাকে স্তব্ধ করেছে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পৃথিবীতে কোনো স্থান নেই। এবং আমাদের মানবতা ও ভালোবাসাকে তা কিছুতেই মুছে দিতে পারে না।’’

মুশফিকুর রহীম টুইটারে লিখেছেন, ‘‘এই ধরনের খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত এবং হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। বিশ্বের কোনো জায়গা কি আর নিরাপদ…।’’

মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রে ফর শ্রীলঙ্কা।’ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, মেহেদী হাসান মিরাজও। ঘটনায় নিন্দা ও ক্ষতিগ্রস্তদের জন্য জানিয়েছেন সমবেদনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত