কনসার্টে তর্কের পর হাতুড়ি দিয়ে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৪:৫৫ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে রিফাত দেওয়ান (১৬) নামে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের নিজাম দেওয়ানের ছেলে নিহত রিফাত বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন তরুণ মোবাইল ফোনে কল করে রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শ্রীধরপুর ব্রিজের ওপর গেলে রাহুল (১৮), রবিন (২১) ও বাবুসহ (১৯) কয়েকজন তরুণ রিফাতকে হাতুড়ি দিয়ে পেটায়।

গুরুতর আহত অবস্থায় ঢাকার কলাবাগানের একটি হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার দুপুরে মারা যায় রিফাত।

তার মামা ইউনুস মঞ্জু সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ২৬ মার্চ পার্শ্ববর্তী সিরাজদীখান উপজেলার শেখরনগর এলাকায় একটি কনসার্টে রিফাতের সঙ্গে রাহুলসহ কয়েকজনের ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরেই সোমবার রাতে রাহুল রিফাতকে ডেকে নিয়ে যায়। রিফাত শ্রীধরপুর ব্রিজে গেলে রাহুল ও তার সঙ্গীরা তাকে হাতুড়িপেটা করে। রিফাতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে রাহুল ও তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে ঢাকার কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বেলা ১২টার দিকে রিফাত মারা যায়।

অভিযুক্ত রাহুলসহ বাবু ও রবিনের বাড়ি সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামে।

স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি যান শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী। তিনি ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত