নিউজিল্যান্ডে মুসলিম হত্যার প্রতিশোধে গির্জায় হামলা: শ্রীলঙ্কা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৭:৪১ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ হিসাবে কলম্বোয় খ্রিস্টানদের ওপর হামলা চালানো হয়েছে, এমনটা জানিয়েছেন শ্রীলঙ্কার এক প্রতিমন্ত্রী।

আলজাজিরা জানায়, মঙ্গলবার পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুহান বিজয়াবর্ধনে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ হিসাবে শ্রীলঙ্কা এ হামলা চালানো হয়েছে।

১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এক খ্রিস্টান শেতাঙ্গবাদী সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে নিহত হয় ৫০ জন।

রবিবার শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডের প্রার্থনায় সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন  ৩২১ জন। এতে আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় মুসলিম মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে)-কে এ হামলার জন্য দায়ী করে আসছে শ্রীলঙ্কা সরকার।

বিজয়াবর্ধনে  দাবি করেন, এনটিজের সঙ্গে আরেকটি স্থানীয় সংগঠন জামিয়াতুল মিল্লাতু ইবরাহিম (জেএমআই) এ হামলার সঙ্গে জড়িত। 

তিনি বলেন, জেএমআই-কে নিয়ে ন্যাশনাল তাওহীদ জামায়াত এ হামলা চালিয়েছে।

এদিকে বিশ্বব্যাপী ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার আইএস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দাবি করে, তারাই এ হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেনি।

একইদিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ পার্লামেন্টে বলেন, হামলায় 'আন্তর্জাতিক সংশ্লিষ্টতা' খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

এদিকে হামলায় আন্তর্জাতিক সংশ্লিষ্টতা খুঁজতে তদন্তে নেমেছে ইন্টারপোল। আইএস ছাড়াও জামায়াত-উল-মুজাহিদিন নামে আরেকটি ইসলামি জঙ্গি সংগঠনের প্রতি নজর রেখেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি।

বিবিসি জানায়, এখন পর্যন্ত সন্দেহভাজন ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে সিরিয়ার একজন নাগরিককেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত