রাজধানীতে মাদ্রাসাছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:০৮ এএম

রাজধানীতে সপ্তম শ্রেণি পড়ুয়া মাদ্রাসাছাত্রী সুমি আক্তারের (১৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলামিয়া মিশন ও এতিমখানায় পড়ত।

সুমিকে হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক সামছুল হক ও আয়া সাজেদা বেগম জানান, গতকাল বিকেলে মাদ্রাসাতেই হঠাৎ তার নাক-মুখ-চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। পরে তাকে হাসপাতালে আনা হয়। সে নোয়াখালীর সোনাইমুড়ির গুয়ারপাড়া গ্রামের মহিন মিয়ার মেয়ে।

একই মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী সুমির ছোট বোন সুমাইয়া আক্তার জানায়, সুমি প্রথম শ্রেণি থেকেই এই মাদ্রাসায় পড়েছে। দীর্ঘদিন ধরেই সে লিভারের সমস্যায় ভুগছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সুমির লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত