খ্রিষ্টধর্মাবলম্বীদের সেন্ট জর্জ ডে উপলক্ষে ২৩ এপ্রিল, মঙ্গলবার স্পেনের কাতালোনিয়ায় ছিল ছুটির দিন । এদিন ব্যতিক্রমধর্মী সাহিত্যসভার আয়োজন করে ইউনিভার্সিদাদ ইন্তারনাসিওনাল দে কাতালুনিয়া (ইউআইসি)। তারা খুঁজে দেখার চেষ্টা করে বার্সেলোনার গোল মেশিন লিওনেল মেসিকে বর্ণনায় যুৎসই নতুন কোনো বিশেষণ দেওয়া যায় কি-না!
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির জন্য নতুন কোনো বিশেষণ পাওয়া যায় কি-না- এমন চিন্তা থেকে উদ্যোগটি নেন সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ মিগুয়েল আনহেল ভাওলান।
“আমার ভাবনাটা ছিল যে, অনেকে যাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দেখেন- এমন একজন খেলোয়াড়কে একাডেমিক পড়াশোনায় কিছুটা হলেও অন্তর্ভূক্ত করতে পারাটা দারুণ হবে।”
“কেউ কেউ মনে করেন তার (মেসির) জন্য আর কোনো বিশেষণ নেই। ব্যাপারটা কতটুকু সত্য তা দেখার জন্যই এই অনুসন্ধান।”
আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে বর্ণনায় প্রতিযোগিতাটিতে নতুন তিনটি বিশেষণ পাওয়া গেছে।
আয়োজকদের মতে, মেসির বারংবার গোল করার দক্ষতাকে স্প্যানিশ ভাষায় ‘রি-গোল-উসিওনারিও’ বলা যেতে পারে; ইংরেজি ‘রেভ্যুলেশনারি’ শব্দটিকে বিকৃত করে বিশেষণটি বানানো হয়েছে।
মেসিকে বর্ণনায় অনুসন্ধানে পাওয়া নতুন তিন বিশেষণের দ্বিতীয়টি হলো, ‘ইনআদজেক্টিভাবল’, যার ইংরেজি ‘আনজেক্টিভ্যাবল’, বাংলায় অর্থ দাঁড়ায় 'অবিশেষণযোগ্য' ।
তৃতীয় ও শেষটি হলো ‘জেনারেল দে গোল’, ইংরেজি অর্থ দাঁড়ায় ‘জেনারেল অব গোল’; দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের সেনাদের নেতৃত্ব দেওয়া ও পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেনারেল চার্লস দে গল –এর নাম বিকৃত করে বিশেষণটি বানানো হয়েছে।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন বার্সেলোনা অধিনায়ক মেসি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে করেছেন ৪৫ বল; অবদান রেখেছেন ২২ গোলে। ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তার।
