মোদির দুর্গে হানা দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১১:৩২ পিএম

ভারতের চলমান লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাঁড়িয়েছেন উত্তর প্রদেশের বারানসি আসন থেকে। কংগ্রেসের শীর্ষ নেতারা এ আসন থেকে দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর চিন্তা করছেন বলে জানিয়েছে এনডিটিভি। প্রিয়াঙ্কা বারানসি থেকে দাঁড়ালে তা হবে এই নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা।

কংগ্রেসের শীর্ষ নেতাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ‘বারানসি থেকে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচন করার সম্ভাবনা ৫০-৫০।’ কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট ও প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীও চাইছেন তার মেয়ে রাজনীতি জীবনের শুরুতেই বড় কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামুক।

তবে এটা নিশ্চিত নয় যে, বারানসিতে গাটবন্ধনের শরিক সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির মায়াবর্তী তাদের প্রার্থীকে প্রত্যাহার করে প্রিয়াঙ্কাকে সমর্থন করবে কি না। গত সোমবার সমাজবাদী পার্টি বারানসি থেকে তাদের প্রার্থী শালিনি যাদবের নাম প্রকাশ করে। গত রবিবার পর্যন্ত প্রিয়াঙ্কা বলেন, পার্টি চাইলে তিনি দুই আসন থেকে নির্বাচন করবেন। ৪৭ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী গত জানুয়ারিতে রাজনীতিতে যুক্ত হয়েছেন। রাজনীতিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে উত্তর প্রদেশে কংগ্রেসের একাংশের সাধারণ সম্পাদক করা হয়। ভারতের রাজনীতিতে উত্তর প্রদেশের ৮০টি আসন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কাকে কংগ্রেসের পক্ষ থেকে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়নি। আর এই পূর্বাংশেই অবস্থিত বারানসি। তবে গত মাসে প্রিয়াঙ্কার তিন দিনব্যাপী নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নৌকা র‌্যালি শেষ হয় বারানসিতে। অবশ্য তখন থেকেই বিশ্লেষকরা বলছেন, উত্তর প্রদেশ নিয়ে রাহুল গান্ধীর বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত