মিম আক্তার নামের ১২ বছরের এক শিশুর মা বাবাকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার মিমকে রাজধানীর বাড্ডায় ইবনে সিনা হাসপাতালের সামনে কান্নারত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। স্থানীয়রা পরে তাকে বাড্ডা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজে’ মিমের ছবি প্রকাশ করে তার মা বাবার সন্ধান চেয়েছে পুলিশ। শিশুটির মা বাবার সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ডিউটি অফিসার মোবা. ০১৭৪৫-৭৭৪৪৮৭ ফোন নম্বর ০২৯১১০৮৮৫। বর্তমানে সে রাজধানীর তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ) ওবাইদুর রহমান বলেন, শিশুটি তার পিতা-মাতার নাম ও বাড়ির ঠিকানা বলতে পারছে না। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা-৪ ফুট ৮ ইঞ্চি, তার পরনে ছিল হালকা খয়েরি রঙের বাটিকের থ্রি পিস।’
