একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ীদের শপথ নিতে সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিযোগ করেন।
এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত বিএনপির নেওয়া ছিল, সেটাই বহাল আছে। এ বিষয়ে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। দলের সিদ্ধান্ত যারা ভাঙবেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ করে তিনি বলেন, বিএনপির নির্বাচিতরা যেন শপথ নেন, সেজন্য সরকারের চাপ আছে।
বিএনপি মহাসচিব বলেন, জাহিদুর রহমান শপথ নিয়েছেন দলের সিদ্ধান্ত ভঙ্গ করে। তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে। অবশ্যই সেটা নেওয়া হবে।
সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতিতে এটি অস্বাভাবিক ব্যাপার নয়। বাংলাদেশে বরাবরই এই ধরনের দল ভাঙার প্রচেষ্টা হয়েছে, ভেঙেছে।
“কিন্তু বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টা করে কখনো কোনো লাভ হয়নি। বিএনপি সব সময়ই ফিরে এসে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং স্বমহিমায় জনগণের কাছে গেছে” যোগ করেন মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ নেওয়ার ব্যাপারে সরকারের দিক থেকে নিঃসন্দেহে চাপ রয়েছে। যেটা সব সময়ই থাকে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারাই এই ধরনের চেষ্টা করে থাকে ক্ষমতায় টিকে থাকার জন্য।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
