মিয়ানমারে সাড়ে ১৬ হাজার বন্দীকে ক্ষমা, মুক্তি মেলেনি সেই ২ সাংবাদিকের

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ পিএম

মিয়ানমার প্রায় ১৬ হাজার বন্দীকে ক্ষমা ঘোষণা করলেও মুক্তি মিলছে না রয়টার্সের দুই সাংবাদিকের।

দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর চলা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় এ দুই সাংবাদিককে গ্রেপ্তার করে দেশটি।

আলজাজিরা জানায়, ১৭ এপ্রিলে শুরু হওয়া বর্মি ক্যালেন্ডারের নতুন বছর উপলক্ষে সারা দেশের কারাগার থেকে বন্দীদের মুক্তির ঘোষণা দেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট।

এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৬ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় আজ শুক্রবার মুক্তি দেওয়া হলো প্রায় সাত হাজার বন্দীকে।

প্রথম দফায় মুক্তি দেওয়া সাড়ে ৯ হাজার বন্দীর মধ্যে ছিলেন দুই রাজনৈতিক বন্দীও। কিন্তু বিপুলসংখ্যক বন্দী মুক্তি পেলেও কারাগারেই থাকতে হচ্ছে রয়টার্সের দুই সাংবাদিক মিয়ানমার নাগরিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউকে (২৮)।

রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে গত বছর সেপ্টেম্বরের শুরুতে তাদের সাত বছর করে কারাদণ্ড দেয় দেশটির ইয়াঙ্গুন জেলা আদালত।

মূলত রাখাইন রাজ্যের একটি গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত