বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩৪ পিএম

পাথর আমদানিতে শুল্ক (অ্যাসেসমেন্ট ভ্যালু) বৃদ্ধি করায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি বন্ধ করে দিয়েছে আমদানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা সব ধরনের পাথর আমদানি বন্ধ করায় বুড়িমারী স্থলবন্দর জুড়ে বিরাজ করছে অচলাবস্থা। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সিঅ্যান্ডএফ সূত্র জানায়, গত ২৩ এপ্রিল কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে স্টোন বোল্ডার আমদানিতে টনপ্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার শুল্ক নির্ধারণ করে। এতে লোকসানের আশঙ্কা করে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এ স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান থেকে পাথর ছাড়াও  স্বল্প পরিসরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সভাপতি রুহুল আমিন বাবুল জানান, পাথর আমদানিতে টনপ্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার শুল্ক নির্ধারণ করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি বন্ধ করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার হেলাল উদ্দিন বলেন, ‘এখানে বন্দর কর্তৃপক্ষের করণীয় কিছু নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত