সারা দুনিয়ার সবচেয়ে আলোচিত সিরিজের নাম ‘গেম অব থ্রোনস’। এই সিরিজের অষ্টম সিজ়নের দু’টি অ্যাপিসোড নিয়ে প্রচুর আলোচনা চলছে। আর আলোচনার কারণ হচ্ছে অভিনেত্রী আরিয়া স্টার্ক। যিনি এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন। মূলত আলোচনার কারণ সহ-অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা।
সিরিজে আরিয়ার সঙ্গে গেন্ড্রি বলে অন্য এক চরিত্রের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। তার পরই আরিয়া স্টার্কের ভূমিকায় অভিনেত্রী মেজ়ি উইলিয়ামসকে নিয়ে বিতর্ক শুরু হয়।
প্রশ্ন উঠেছে মেজ়ি দৃশ্যটি করার উপযুক্ত বয়সে পৌঁছেছেন কি না, তার ওই দৃশ্য করা নৈতিক ভাবে উচিত হয়েছিল কি না! এসব নিয়ে নানা মুখরোচক সমালোচনাও চলে।
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা হওয়ায় মেজ়ি টুইট করেন, ‘আপনাদের যদি দৃশ্যটি দেখে কোনও রকম অস্বস্তি হয়, তা হলে জানিয়ে রাখি, আমার মা, বাবা, ভাইয়েরা সকলেই এটা দেখেছেন।’
‘গেম অব থ্রোনস’ এমন একটি সিরিজ, যেখানে প্রথম থেকে গল্পের খাতিরেই বেশ কিছু অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে। হঠাৎই মেজ়ির দৃশ্য নিয়ে কেন এত সমালোচনা, তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না টিমের বাকিরাও।
উল্লেখ্য, মেজ়ির জন্ম ১৯৯৭-এ ব্রিস্টলে। অর্থাৎ ২২ বছর বয়স তার। বয়সের বিচারে তিনি সাবালিকা। ‘গেম অব থ্রোনস’ এ প্রথম থেকেই মেজ়ি অভিনয় করছেন। ২০১১-এ এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তার। এই চরিত্রই সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিয়েছে তাকে।
