শ্রীলঙ্কায় ব্যাপক সংঘর্ষ, নিহত ১৫ জঙ্গি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ এএম

থমথমে শ্রীলঙ্কার প্রতিটি অলিতে গলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর ভেতর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৫ জনকে মেরে ফেলার দাবি করেছে দেশটির প্রশাসন।

শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, সাইন্দামারুদু এলাকায় একটি জঙ্গি দলের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের সঙ্গে এসটিএফ অভিযানে নামে। ঘটনাস্থলের একটি ঘরে ঢোকার মুখে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

পরে সেখানে তিন আত্মঘাতী পুরুষ জঙ্গির লাশ পাওয়া যায়। নারী ছিল তিনজন। সঙ্গে তাদের ৬ ছেলেমেয়েও মারা গেছে। ঘরের বাইরে পাওয়া যায় আরও তিনটি লাশ।

পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, এই অভিযানে পুলিশের কোনো সদস্য আহত হননি। ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

এর আগে গত রোববার দিনের শুরুতে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন। একদিন বাদে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত