পদত্যাগে অস্বীকৃতি লঙ্কান পুলিশ প্রধানের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৬:০৭ পিএম

শ্রীলঙ্কার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। যদিও তিনি পদত্যাগ করেছেন বলে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন।

রয়টার্স জানায়, ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা।

হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং বিদেশি গোয়েন্দা সতর্কবার্তা বিষয়ে অবহিত না করায় প্রতিরক্ষা সচিব এবং পুলিশ প্রধানকে দোষারোপ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এ প্রেক্ষিতে তিন দিন আগে দেশটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ব্যর্থতার দায় স্বীকার করে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।

প্রেসিডেন্ট ঘোষণা করেন, পুজিথ জয়াসুন্দরাও পদত্যাগ করেছেন। কিন্তু প্রেসিডেন্ট কার্যালয়ের দুই কর্মকর্তা জানান, এখনো পদ থেকে সরে দাঁড়াননি পুলিশ প্রধান।

রয়টার্সকে একটি সূত্র জানায়, প্রেসিডেন্টের নির্দেশে তিনি দায়িত্ব ছেড়ে দিতে ইচ্ছুক নন। দেশটির সংবিধান মতে কাউকে পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে শুধু পার্লামেন্টের। তাও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণের পর।

ওই সূত্রটি জানায়, প্রেসিডেন্ট এখনো চাচ্ছেন, পুলিশ প্রধান পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু তিনি এখনো তা করেননি। এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের দ্বিতীয় আরেকটি সূত্র এ পরিস্থিতি নিশ্চিত করেছে।

গত রোববার সকালে দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এক যোগে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মুসলিম মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) এ হামলার জন্য দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠীকে খুঁজছে পুলিশ।

এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি নাগরিকসহ মোট ৭৬ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৪০ জন ব্যক্তির খোঁজে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত