মার্চের আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় মারা গিয়েছিল ৫৮ জন। এপ্রিলের শেষ নাগাদ এসে সেই বন্যা কেড়ে নিল আরও ২৯ জনের প্রাণ।
ইন্দোনেশিয়া এমনিতে দুর্যোগ-প্রবণ দেশ। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে নিয়মিত সেখানে প্রাণহানি হয়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, সুমাত্রা দ্বীপে কয়েকদিনের বর্ষণে এখনো কমপক্ষে ১৩ জন নিখোঁজ রয়েছে।
এ প্রাকৃতিক দুর্যোগে বেংকুলু প্রদেশ থেকে প্রায় ১২ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগে সেখানকার বহু ঘরবাড়ি, বিভিন্ন সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগে প্রাদেশিক রাজধানীর একেবারে উপকণ্ঠের বেংকুলু তেনগাহ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে।
বন্যার তীব্রতা কমে আসলেও সম্ভাব্য রোগব্যাধি নিয়ে চিন্তায় দেশটির সরকার। বিশুদ্ধ পানির অভাবে আরও মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
