তারেক রহমানের সিদ্ধান্তেই সংসদে বিএনপি: ফখরুল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তে সংসদে যোগ দিয়েছে বিএনপি। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে সোমবার বিকেলে বিএনপির চার বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। 

এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সংসদে যোগ দেবে। সংসদে কথা বলার পাশাপাশি রাজপথেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। 

তিনি বলেন, বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এর অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নেয়। এরপর আন্দোলনের অংশ হিসেবে সংসদে যোগ দেওয়ার কথাও জানান তিনি। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির আন্দোলনে সংসদে যোগদানের সিদ্ধান্ত হয়েছে বলে মির্জা ফখরুল জানান।

তবে নিজের সংসদে যোগ দেওয়ার বিষয়ে তিনি কিছু জানাননি। সোমবার শপথ নিতে সময় চেয়ে জাতীয় সংসদের সিপ্কারের কাছে চিঠি দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল পরিস্কার কিছু বলেননি। 

একাদশ সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ফলাফল বর্জন করে এবং বিজয়ী আট প্রার্থী শপথ নেবেন না বলে জানায়। 

তবে এরপর জাতীয় ঐক্যফ্রন্টের দুই এবং বিএনপির পাঁচ প্রার্থী শপথ নেন। মির্জা ফখরুল বিজয়ীদের মধ্যে একমাত্র প্রার্থী যিনি শপথ নেননি। 

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মহাসচিব ফখরুল কখন শপথ নিচ্ছেন তা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, 'সময়মতোই আপনারা জানতে পারবেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত