বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম মমিনুল হক সাঈদ। হকির কিংবদন্তি তারকা আবদুস সাদেককে হারিয়ে চমক দেখিয়েছেন এই তরুণ সংগঠক।
সোমবার অনুষ্ঠিত হয় হকির বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। সাধারণ সম্পাদক পদে ৮৪ জন কাউন্সিলরের মধ্যে একজনের ভোট বাতিল হয়েছে। সাঈদ জিতেছেন ১১ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ৪৭ ভোট। সাদেক পেয়েছেন ৩৬ ভোট।
মেরিনার ইয়ংস ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান মমিনুল হক সাঈদ। তিনি নির্বাচনে অংশ নেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শিপ নিয়ে। নির্বাচনী বৈতরণি পেরোতে সাঈদ পাশে পান ঢাকার বেশকটি ক্লাবকে। উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আবদুর রশিদ সিকদারের সঙ্গে জুটি গড়ে এই নির্বাচনে বিজয়ী হলেন সাঈদ।
পাঁচটি সহসভাপতি পদে সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে এক নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রশিদ সিকদার। বাকি চারজন বিজয়ী সহসভাপতি হয়েছেন সাজেদ-সাদেক প্যানেল থেকে। তারা হলেন- সাজেদ এ এ আদেল (৪৯), ড. মাহফুজুর রহমান (৪৪), জাকি আহমেদ রিপন (৪৪) ও মোহাম্মদ ইউসুফ আলী (৪০)।
যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ (৬৯) এবং সাবেক হকি খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত (৪৫) বিজয়ী হয়েছেন। এই পদে নির্বাচন করে হেরে গেছেন আরেক সাবেক তারকা মাহবুবুল এহসান রানা ও একমাত্র মহিলা প্রার্থী আনোয়ারা সরকার।
হকি ফেডারেশনের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলাকে ৪ ভোটে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ স্পোর্টিংয়ের সভাপতি হাজি মো. হুমায়ুন।
এদিকে ১৯টি সদস্য পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়েছেন সাজেদ-সাদেক নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। রশিদ-সাঈদ নেতৃত্বাধীন প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৭ জন। সদস্য পদে সাবেক তারকা হকি খেলোয়াড় ও জাতীয় দলের কোচ মাহবুব হারুনের পরাজয়টাও আলোচিত এই নির্বাচনের অন্যতম চমক।
নির্বাচিত সদস্যরা হলেন- সাজেদ-সাদেক পরিষদের মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (৮০), মোহাম্মদ আলমগীর আলম (৭৪), তৌফিকুর রহমান রতন (৬৮), জাহিদ হোসেন রাজু (৬২), টুটুল কুমার নাগ (৪৯), মাহবুব মোর্শেদ আলম লেবু (৪৮), তারেক এ আদেল (৪৮), হারুন অর-রশিদ রিংকু (৪৭), মামুনুর রশিদ (৪৭), মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ (৪৭), জহিরুল ইসলাম মিতুল (৪৬), জাফরুল আহসান (৪৫)।
রশিদ-সাঈদ পরিষদের- সাফায়াত হোসেন (৫১), বদরুল ইসলাম দিপু (৪৯), তারিকুজ্জামান (৪৯), খাজা তাহের লতিফ মুন্না (৪৮), জামিল আবদুন নাসের (৪৭), শহিদ উল্লাহ টিটু (৪৬), রফিকুল ইসলাম কামাল (৪৫)।
