ফাইনালে বাংলাদেশের মেয়েদেরই এগিয়ে রাখছেন সাবিনা

আপডেট : ০৩ মে ২০১৯, ০৪:৪৫ এএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে বাংলাদেশই জিতবে শিরোপা। এমনটাই মনে করেন দেশের নারী ফুটবলের সিনিয়র জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার মতে ফাইনালে স্বাগতিকেরা পরিস্কার ফেভারিট।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

লাওস শুরু থেকেই আসরে দুর্দান্ত খেলছে। গ্রুপ পর্বের দুই ম্যাচ ও সেমিফাইনাল মিলে তিন ম্যাচে তাদের গোল ১৮টি। সেখানে বাংলাদেশ তিন ম্যাচে করেছে ৭ গোল। সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারার হাহাকার আছে। ফিনিশিং লাইন তাই ফাইনালে অন্যতম দুশ্চিন্তার বিষয়।

তবে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে সাবিনা বললেন, ‘‘ফাইনালে আমি বাংলাদেশকেই এগিয়ে রাখবো। বাংলাদেশ এক গোল করলেও আমি তো প্রতিপক্ষকে এগিয়ে রাখতে পারি না। ফিনিশিং নিয়ে নিশ্চয়ই আলাদা করে কাজ হয়েছে এর মধ্যে। নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে রেজাল্ট অবশ্যই আমাদের পক্ষে থাকবে।’’

এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সবার সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে সাবিনার। তারা প্রত্যেকেই যে জাতীয় দলেরও সদস্য। একমাত্র সাবিনাকে যোগ করলেই এটি হয়ে যায় মূল জাতীয় দল। সাবিনা তাই সবাইকে ভালো করেই চেনেন।

ফিনিংশ লাইনে যে দুর্বলতা ফুটে ওঠেছে সেটি অবশ্য স্বীকার করছেন সাবিনা নিজেও। তবে তার দাবি এই মেয়েদের সময় দিতে হবে, ‘‘জানিনা আসলে কি সমস্যা হচ্ছে। ফিনিশিংগুলো ভালো হলে স্কোরের দিকটা ভালো থাকত। আসলে এই মেয়েদের সময় দিতে হবে। এখনই তো অনেক বড় কিছু তাদের কাছে আশা করা যায় না।’’

তবে বাফুফের ব্যবস্থাপানায় প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা গোল্ড কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এই আশা রাখেন সাবিনা। বাংলাদেশ দলও ট্রফি নিজেদের ঘরে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছে। সেটি হলে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত