এক কমিটিতে ২১ বছর পার

সোনারগাঁয়ে ভারপ্রাপ্তদের দিয়ে চলছে আওয়ামী লীগ

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:০৬ এএম

২১ বছর আগে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হলেও ওই কমিটি দিয়েই কোনো রকমে চলছে দলীয় কার্যক্রম। কমিটির ১৮ জন সদস্য এরই মধ্যে মারা গেছেন। মোট ৫১ সদস্যের মধ্যে রাজনীতিতে আছেন ১৮ জন। ভারপ্রাপ্তদের দিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগের কমিটি। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় একদিকে যেমন তরুণ নেতারা কমিটিতে আসার সুযোগ পাচ্ছেন না, অন্যদিকে দলের কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা।

১৯৯৮ সালে আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি উপজেলা আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ২০০৬ সালে আবুল হাসনাত ও ২০১৩ সালে আবদুল হাই ভূঁইয়া মারা যাওয়ার পর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

কমিটির সহ-সভাপতি সৈয়দ মজিবুর রহমান ও নাছির উদ্দিন ভূঁইয়া, শ্রমবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ শিকদার, কার্যকরী সদস্য জিয়াউদ্দিন ফারুক, সাবিকুন নাহার পরী, মোবারক উল্লাহ, আবুল বাশার ও সামছুল হক মেম্বারসহ ১৮ জন সদস্য মারা যাওয়ার পর শূন্য পদগুলো আর পূরণ করা হয়নি। এ ছাড়া ওই কমিটির প্রায় ১৫ জন বর্তমানে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত নন। এদের মধ্যে অন্তত তিনজন বিদেশে চলে গেছেন।

এদিকে দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় দলে দেখা দিয়েছে বিভক্তি। একাধিক ভাগে বিভক্ত হয়ে পালন করা হচ্ছে দলীয় কার্যক্রম। ফলে দলে সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিগত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১৭ জন। কমিটি না থাকার কারণেই এত বেশিসংখ্যক মনোনয়নপ্রত্যাশী হয়েছেন বলে মনে করেন স্থানীয়রা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ বাদশা জানান, কমিটিতে এখন যারা আছেন বয়সের ভারে বেশিরভাগই রাজনীতিতে নিষ্ক্রিয়। দলীয় কর্মসূচি কিংবা সভায় ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ কমিটির ৭/৮ জনের বেশি পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, ‘সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের দিয়ে সংগঠন পরিচালিত হচ্ছে। এতে দলীয় কর্মসূচি পালনে কিছুটা বিঘœ ঘটছে। জেলা কমিটির পক্ষ থেকে নতুন কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রে জানিয়েছি।’ তবে কবে নাগাদ নতুন কমিটি করা হবে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি আবদুল হাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত