নাট্যব্যক্তিত্ব জামিল আহমেদ

ঢাকায় পাঁচ হাজারের বেশি নাটকের দর্শক নেই

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:৩৩ এএম

রাজধানী ঢাকায় পাঁচ হাজারের বেশি নাটকের দর্শক নেই বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে নাট্যসংগঠন বটতলা। থিয়েটার নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন জামিল আহমেদ। এতে স্বাগত বক্তব্য দেন বটতলার প্রধান নির্বাহী সামিনা লুৎফা নিত্রা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় দুপুর ৩টায়। নানা যুক্তিতর্কে জমজমাট হয়ে ওঠে আড্ডা। আলোচনায় উঠে আসে স্বাধীনতাপরবর্তী সময়ে এগিয়ে চলা বাংলাদেশের নাট্যচর্চার নানা প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যকলা পাঠ্য হওয়ার বিষয়টিও এ সময় উঠে আসে। সেই সঙ্গে একাডেমিক পড়ালেখার পর শিক্ষার্থীরা কেন গ্রুপ থিয়েটার চর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?

প্রফেশনাল থিয়েটারের স্বপ্নের কথা জানান জামিল আহমেদ। তিনি বলেন, ‘পেশাভিত্তিক নাট্যদল গড়ার স্বপ্ন নিয়েই স্পর্ধা নামে নতুন দলটি তৈরি হয়েছিল। এ দলের প্রযোজনা হিসেবে সম্প্রতি আমরা ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে এনেছি। এ নাটকে যারা কাজ করেছেন তাদেরকে আর্থিক সম্মানী দেওয়া হয়েছে। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। আমাদের এমন একটা ব্যবস্থা যদি করা যায়, যেখানে থিয়েটারের শিল্পীরা পুরোটা সময় থিয়েটার করতে পারবেন। জীবিকার জন্য অন্য কোনো কাজ করতে হবে না। সারা দেশে ঘুরে ঘুরে থিয়েটার করবে।’

নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা সৈয়দ জামিল আহমেদ নাট্যনির্দেশনা ও গবেষণায় শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশজুড়ে তার খ্যাতি রয়েছে। ‘বিষাদ সিন্ধু’, ‘চাকা’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’, ‘রিজওয়ান’ এবং কিছুদিন আগেই ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে নির্দেশনা দিয়ে তিনি আলোচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত