নীলফামারী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় তিনজন নিহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ইজিবাইক চালক মিন্টু হোসেন (২৮) এবং দুই যাত্রী আফতাব হোসেন (৩০) ও আব্দুর রহীম (৩২)। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ৫ ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়।
এদিন বাগেরহাটের ফকিরহাটে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। সকাল পৌনে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গতকাল সকালে নীলফামারীগামী একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মিন্টু মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আফতাব ও রহীম মারা যান। নিহতরা সৈয়দপুর উত্তরা আবাসন এলাকার বাসিন্দা।
বাগেরহাটের কাটাখালী থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, সকালে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত একজনকে আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। তিনি বলেন, নিহত একজনের আনুমানিক বয়স ৩০ এবং অন্যজনের ৫০। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
×
