স্কুল শিক্ষার্থীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবার

আপডেট : ০৪ মে ২০১৯, ০৪:২৫ পিএম

স্কুলের পোশাক পরে গেলেই ৫ টাকায় দুপুরের খাবার মিলছে ‘অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে'। 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পূর্বপাড়া মহল্লায় পাঁচ টাকায় শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়াচ্ছেন বিপ্লব সরকার (৩৫)।

তার বাড়ি আড়ানী বাজারের তালতলায় বড়াল নদের ধারে। আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হোটেলে পাঁচ টাকায় দুপুরের খাবার সেরে নেয়।

জানা গেছে, বিপ্লব সরকারের বাবা শ্যামল সরকারই মূলত এই হোটেলের মালিক। 

বিপ্লব সরকার বলেন, গ্রামের অধিকাংশ বাচ্চা বাড়ি থেকে টিফিন নিয়ে আসে না। অনেকের বেশি টাকা দিয়ে হোটেলে দুপুরের খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্যও নেই। তারা স্কুলে এসে টিফিনের সময় আশপাশের দোকান থেকে মুখরোচক কিছু একটা কিনে খায়। এগুলো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। অথচ দুপুরে এক প্লেট ভাত খেতে পারলে তাদের শরীরটা ভালো থাকে। এই চিন্তা থেকেই বাবার অগোচরে পাঁচ বছর আগেই তিনি এই প্যাকেজ চালু করেন। তখন থেকেই বাচ্চারা খেতে আসতে শুরু করে। 

তিনি জানান, তার বাবা দুই বছর পর বিষয়টি জানতে পারেন। তবে তিনি এতে বাধা দেননি।

বিপ্লব সরকার আরো বলেন, বাচ্চাদের তিনি কয়েকটি শর্তে খেতে দেন। তার প্যাকেজ খেতে হলে অবশ্যই স্কুল ড্রেস পরে আসতে হবে। আর খাবার আগে বা পরে বাইরের দোকানে অন্য কোনো মুখরোচক খাবার খাওয়া যাবে না। 

তিনি বলেন, তিনি দেখেছেন বেশিরভাগ বাচ্চাই এক প্লেটের বেশি ভাত খেতে পারে না। তিনি ভাতের সঙ্গে সবজি আর ডাল দিয়ে একটি প্যাকেজ তৈরি করেছেন। 

তিনি জানান, তবে পাশাপাশি খেতে বসে কোনো বাচ্চা যদি বেশি টাকা দিয়ে মুরগির মাংস খেতে চায়। তাহলে তিনি পাশের বাচ্চাটাকেও ছোট এক টুকরা মুরগির মাংস ও একটু ঝোল দেন। যাতে তার মন খারাপ না হয়।

বিপ্লব সরকার বলেন, তিনি মনের আনন্দে এটা করছেন। সেবার মানসিকতা থেকে করছেন। কারণ, তার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি। লেখাপড়া না করে কী ভুল করেছেন এখন তিনি বুঝতে পারেন। 

আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার এই পাঁচ টাকার প্যাকেজ সম্পর্কে বলেন, তিনি তার স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে শোনার পরে একদিন দেখতে গিয়েছিলেন। তিনি দেখে অবাক হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত