জাপার মহাসচিব পদে পরিবর্তনের গুঞ্জন নাকচ জিএম কাদেরের

আপডেট : ০৫ মে ২০১৯, ১২:২৭ পিএম

জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তনের গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদের। দলের বর্তমান অবস্থা স্বাভাবিক বলেও দাবি করেছেন তিনি।

রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদের ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

প্রসঙ্গত, শনিবার রাতে নিজের ভাই এবং বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব পদেও পরিবর্তন হতে পারে- একটি দৈনিকের এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জিএম কাদের বলেন, “এটার কোনো ভিত্তি নেই। এটা ফরমায়েশি নিউজ। ব্যক্তি বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করিয়েছে। আমাকে নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলোরও কোনো ভিত্তি নেই।”

জাতীয় পার্টিতে অস্থিরতা বিরাজ করছে- এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, “যারা অস্থিরতার কথা বলছেন সেটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না। ... একটি দলে কোনো একটা সময়ে এমন অস্থিরতা থাকতে পারে। তবে সেটা অস্বাভাবিক পর্যায়ে নেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত