ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:১৬ পিএম

সাইক্লোন ‘ফণী’র  কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়জনিত কারণে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণে সরেজমিন মাঠে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গেছেন।

এ ছাড়া, রবিবার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় ফণীর আঘাত পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনামূলক সভা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত