ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজা, নিহত ৯ ফিলিস্তিনি

আপডেট : ০৫ মে ২০১৯, ০৯:৩৮ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে দুই দিন ধরে এ অভিযান চলছে।

আল জাজিরা জানায়, গাজায় স্থল ও আকাশপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর বিপরীতে রকেট হামলা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনিরা। এতে নিহত হন ৩ ইসরায়েলি।

ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী এক হামাস কমান্ডার। হামাদ আল-কুদুরি নামে ওই হামাস নেতা ইরান থেকে অস্ত্র কেনার সঙ্গে জড়িত বলে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ।

শনিবার ইসরায়েলি সেনার হামলায় নিহত হন এক বছর বয়সী এক শিশু সহ অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনি নারী।

রবিবার ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, গাজায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলি সেনাবাহিনীকে আমি নির্দেশ দিয়েছি।

এদিকে হামাস ও ইসলামি জিহাদ মুভমেন্ট গ্রুপ ইসরায়েলি হামলার প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা ব্যাপক রকেট হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন রকেট আকাশেই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া গাজায় রকেট উৎক্ষেপণের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনের অব্যাহত সংঘাত বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনর্বহালে ইসরায়েল, হামাস এবং মিশরের সঙ্গে যোগাযোগ করছেন জাতিসংঘ কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত