৪৮ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৪৪ এএম

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ। তাও আবার বিশ্বকাপে! ম্যাচটি নিয়ে সমর্থক মহলে কতটা আবেদন তা টের পাওয়া গেল টিকিট বিক্রিতেই। বিক্রি শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই শেষ ম্যাচটির টিকিট!

ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আর ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে ভারত-পাকিস্তান লড়াই।

ক্রিকেট ল্যাঙ্কাশায়ারের তথ্য অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। বিশ্বের সেরা ক্রিকেট যুদ্ধের ম্যাচের টিকিট শেষ হয়েছে মাত্র ৪৮ ঘণ্টায়।  যার বেশিরভাগ চাহিদাটাই এসেছে ভারত থেকে। ভারত থেকেই এই ম্যাচের টিকিটের খোঁজ করা হয়েছে সব থেকে বেশি।

ক্রিকেট ল্যাঙ্কাশায়ারের কর্পোরেট সেলস ও বিজনেস উন্নয়ন ব্যবস্থাপক ড্যান হোয়াইটহেডের বিশ্বাস, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছাপিয়ে যাবে ভারত-ইংল্যান্ড ম্যাচকেও।

“এটি অবশ্যই বড় কিছু হতে চলেছে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিল ভারত। সেটি ছিল একটি দারুণ দিন এবং গ্যালারিতে মূলত ছিলেন ভারতীয়রা। স্টেডিয়াম ভারতের রঙে ভরে উঠেছিল; ভারত আর্মির চিৎকারে মেতে উঠেছিল। একটি দারুণ পরিবেশ তৈরি হয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচে আরো বেশি কিছু হতে চলেছে।”

যাঁরা এখনও টিকিট কেটে উঠতে পারেননি তাঁদের জন্য সুখবর শুনিয়েছেন হোয়াইটহেড-‘‘বিপুল চাহিদার কারণে, আমরা বেশ কিছু প্যাকেজের ব্যবস্থা করেছি। এই মুহূর্তে আমাদের কাছে দুইশোটি প্যাকেজ আছে। যারা এখনও এই অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকতে চান তাঁরা আবেদন জানাতে পারেন।”

সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন ভারত আর্মি একটু অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে পঞ্জাবী গায়ক গুরু রনধাওয়াকে গাইতে দেখা যাবে।

বিশ্বকাপে এখনো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড ১০০ শতাংশ। তবে এই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব এটটু আলাদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত