চট্টগ্রাম শিক্ষাবোর্ড: জিপিএ-৫ কমেছে, বেড়েছে পাসের হার

আপডেট : ০৬ মে ২০১৯, ০৭:৪৭ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে। তবে বেড়েছে পাসের হার। অন্যদিকে মহানগরের চেয়ে এগিয়ে পার্বত্য জেলায় পাসের হার।

সোমবার সকালে ঢাকায় শিক্ষামন্ত্রী দীপু মনি কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বেলা ১২ টায় ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ, যা গতবার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ।

এবার এ বোর্ডের অধীনে ১ হাজার ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৩৯৩ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। গতবার এ সংখ্যা ছিল ৮ হাজার ৯৪ জন। তবে পাসের হারে ছাত্রীরা পিছিয়ে থাকলেও জিপিএ ৫ সংখ্যা ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ এবং ছাত্রের সংখ্যা ৩ হাজার ৬৫২ জন।

পাহাড়ে বেড়েছে পাসের হার: রাঙামাটি জেলায় এবার সর্বোচ্চ পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ, গতবার এ সংখ্যা ছিল ৬২ দশমিক ৭২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬  শতাংশ, গতবার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ। বান্দরবান জেলায় পাসের হার ৬৫ দশমিক ৩৬ শতাংশ হলেও ২০১৮ সালে ছিল ৫৭. ৯২ শতাংশ।

অন্যদিকে কক্সবাজার জেলায় ২০১৮ সালে ৭৪ দশমিক ২৯ শতাংশ পাসের হার থাকলেও ২০১৯ সালে পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৪৮ শতাংশে।

তবে গতবারের তুলনায় কিছুটা পিছিয়েছে মহানগরের পাসের হার। চট্টগ্রাম মহানগরের শিক্ষার্থীদের পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ। ২০১৮ সালে ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। মহানগর বাদে জেলায় পাসের হার ৭৮.৬০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত