বিশ্বকাপে হোল্ডারের ডেপুটি গেইল

আপডেট : ০৭ মে ২০১৯, ০১:৪৬ পিএম

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। এই অলরাউন্ডারের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইলকে।

এবারের বিশ্বকাপে অভিজ্ঞ খেলোয়াড়দের অন্যতম গেইল। দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলায় অভিজ্ঞতার ঝুলি ভর্তি তার। দলকে সহায়তা করার জন্য তাই তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন গেইল। বিশ্বকাপের আগে এমন দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছেন এই ব্যাটিং দানব।

“যে কোনো ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। এই বিশ্বকাপ আমার জন্য বিশেষ কিছু। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক এবং দলের প্রতিটি সদস্যকে সমর্থন দেয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা হয়তো সবচেয়ে বড় বিশ্বকাপ হতে পারে। তাই এখানে প্রত্যাশাটাও বেশি।”

বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের মাটিতে এই সিরিজে অবশ্য জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শাই হোপকে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় টাইগারদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত