হয়রানি করতেই সরকার দুদককে ব্যবহার করছে: দুলু

আপডেট : ০৭ মে ২০১৯, ১০:৪৯ পিএম

রাজনৈতিকভাবে হয়রানি করতেই সরকার দুদককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তাকে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর অনিয়মের অভিযোগে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের সহকারী পরিচালক শফিউল্লাহ।

এর আগে গত ২৮ এপ্রিল শফিউল্লাহ তলবি নোটিশ পাঠান দুলুকে। ওই নোটিশে ৫ মে তাকে দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। অন্য একটি মামলার হাজিরার দিন থাকায় সেদিন দুদকে আসতে পারেননি তিনি। পরে তিনি মঙ্গলবার দুদকে আসেন।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, কোনও অভিযোগেরই ভিত্তি নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই দুদককে ব্যবহার করছে সরকার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত