হাতে ধরা প্লাকার্ডে কিছুই লেখা নেই। সেটা নিয়েই আবায় স্কয়ারে দাঁড়ালেন আসলান সাগুতদিনভ। কিন্তু এই শূন্য প্লাকার্ডের প্রতিবাদও সহ্য হয়নি কর্তৃপক্ষের। গ্রেপ্তার করা হলো তাকে।
কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর ওরাল-এর আবায় স্কয়ার থেকে ২৪ বছর বয়সী এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
বিবিসি জানায়, রাজপথে লেখাশূন্য কোনো প্লাকার্ড নিয়ে অবস্থান নিতে পারবেন কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য সেন্ট্রাল কাউন্সিল অফিসের সামনে দাঁড়ান আসলান।
পূর্ব সতর্কতার অংশ হিসেবে এই ভিডিও ব্লগার সহকর্মীদের দিয়ে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে স্থানীয় একটি সংবাদমাধ্যম ওই ঘটনার ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করে।
ওই সাংবাদিক বলেন, “আমি কোনো প্রতিবাদ বিক্ষোভে অংশ নেইনি এবং আমি দেখাতে চেয়েছি- এরপরও তারা আমাকে থানায় নিয়ে যাবে যদি আমার প্লাকার্ডে কোনো কিছু লেখা না-ও থাকে এবং আমি কোনো স্লোগানও যদি না দিই।”
পুলিশ আসার আগ মুহূর্তে তাকে বলতে দেখা যায়, “দেশটি উত্তর কোরিয়ায় পরিণত হওয়ার আগে আমাদের এটা থামাতে হবে।”
শহরের মেয়র অফিসের অভ্যন্তরীণ বিষয়ক প্রধান ইয়েরবল কুশেকভের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় মোবাইল ফোনে আলাপের আগ মুহূর্তে তাকে বলতে শোনা যায়, কেউ কাউকে আটবে করবে না আমি সেই নিশ্চয়তা দিচ্ছি।
একটু পরেই ট্রাফিক পুলিশের একটি টহল দল আসে এবং আসলানকে গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ বলে, “সেটা আমরা পরে যাচাই করে দেখব।”
গত মার্চে দীর্ঘদিনের একনায়ক নুরসুলতান নাজারবায়েভ ক্ষমতা ছেড়ে দিলে দেশটির রাজপথে বেশ কিছু বিক্ষোভের ঘটনা ঘটে। বিশেষ করে জনগণের সম্মতি ছাড়াই রাজধানীর নাম এই একনায়কের নামে পরিবর্তন করায় ক্ষোভের সৃষ্টি হয়।
