দিনাজপুরের কাহারোল উপজেলার ইসাইল চৌধুরীপাড়া গ্রামে সেপটিক ট্যাংকের পানি পরিষ্কার করতে গিয়ে ট্যাংকের ভেতর পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- জেলার বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল খালেক ওরফে বাকী (৪২) ও একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)। দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করার সময় অসাবধানতাবশত ট্যাংকের ভেতরে ২ শ্রমিক পড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ বিষয়ে কাহারোল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
