ভারতের লোকসভা নির্বাচন যত কাছাকাছি আসছে, ততই রাজনৈতিক নেতাদের বক্তব্যের ঝাঁঝ বাড়তে শুরু করেছে। আক্রমণে আরও সুর চড়াচ্ছে শাসক-বিরোধী সবপক্ষ।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে বেশ আক্রমণ করে বক্তব্য দেন।
সংসদীয় রাজনীতিতে আসার পর কংগ্রেসের নেতারা তাকে কীভাবে, কী কী শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন, সেই সবই হরিয়ানার কুরুক্ষেত্রের সভায় তুলে ধরলেন নরেন্দ্র মোদী।
বিজেপি প্রার্থী মোদী বলেন, কংগ্রেসের নেতারা নানারকম কুরুচিকর তকমা দিয়েছেন। নর্দমার পোকা, হিটলার, মৃত্যুর সওদাগর বলেছে আমাকে।
কিন্তু তিনি যে এসব আক্রমণকে গুরুত্ব দেন না, তাও এদিন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, তিনি নিজের জীবন দেশের ১৩০ কোটি মানুষের জন্য সমর্পণ করেছেন। তাদের জন্যই তিনি শুধু কাজ করতে চান। সেই কারণেই আগের থেকে দ্বিগুণ গতিতে দেশ এগোচ্ছে।
কংগ্রেসের সঙ্গে বিরোধীদের পাকিস্তানের হৃদ্যতার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে হিন্দু সন্ত্রাসবাদের নাম করে দেশের সংস্কৃতিকে হেয় করার চেষ্টা করে বলেও নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন।
