ইউসুফ আলী ইউজিসির চেয়ারম্যানের দায়িত্বে

আপডেট : ০৯ মে ২০১৯, ০২:১৩ এএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিনিয়র সদস্য অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা। নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য জানান। ওই দিন ইউজিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও ইউসুফ আলী মোল্লার দায়িত্ব গ্রহণের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যাপক ইউসুফ ওই দায়িত্ব গ্রহণ করেছেন।

ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ গত মঙ্গলবার (৭ মে) শেষ হয়। তার মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত ইউসুফ আলী মোল্লা চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

অধ্যাপক ইউসুফ আলী ২০১৫ সালের ২৮ মে থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত