ছিনতাইয়ের অভিযোগে জবি শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১০ মে ২০১৯, ০২:১৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করার অভিযোগে প্রাথমিক তদন্তে সরাসরি যুক্ত থাকার সত্যতা পাওয়ায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর থেকে জানা যায়, ওই নারী শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে ঘুরতে এলে তাদেরকে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ডেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (আইডি বি১৬০৬০২০১৬) ওরফে এম আই মারুফ অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে মিরাজুল ইসলামকে উক্ত ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থি। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ মিরাজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এম আই মারুফের বিরুদ্ধে এর আগেও বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও মারামারিসহ নানা অপরাধের রেকর্ড আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত