‘কেজরিওয়ালকে কেন চড় মেরেছি জানি না’

আপডেট : ১০ মে ২০১৯, ১১:৪৫ এএম

আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুরেশ নামে এক যুবককে। তবে এ ঘটনায় সে ক্ষমা চেয়েছে।

এনডিটিভি জানায়, শনিবার নয়াদিল্লির মতি নগর এলাকায় একটি হুড খোলা গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল। আচমকা গাড়িতে উঠে তাকে চড় মারে সুরেশ। সঙ্গেসঙ্গেই অবশ্য তাকে ধরে ফেলেন আম আদমী কর্মীরা।

বার্তা সংস্থা এএনআইকে সুরেশ বলে, “আমি আসলে জানি না, কেন সেদিন এ কাজ করলাম। আমি এ ঘটনায় ক্ষমা চাচ্ছি।”

তবে পুলিশ সূত্রে জানা যায়, আম আদমি নেতাদের ওপর অসন্তুষ্ট হয়ে কেজরিওয়ালকে চড় মারে এই যুবক।

আম আদমির অভিযোগ, বিজেপি সুরেশকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে সুরেশ বলে, “আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। আমাকে কেউ এ কাজ করতে বলেনি। পুলিশও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি।”

উল্লেখ্য, এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতো ছোড়া, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী তাঁর অফিসে মরিচের গুড়ো নিয়েও হামলা চালায় এক ব্যক্তি। কয়েক আগে সদ্য কংগ্রেসে আসা হার্দিক প্যাটেলও চড় খেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত