খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে মহিলা আইনজীবীদের মিছিল

আপডেট : ১১ মে ২০১৯, ০১:১২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার রাজধানীতে মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা আইনজীবী লিগ্যাল এইডের (ঢাকা) নেতাকর্মীরা। সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  জেলে রেখে সরকার যে অমানবিক আচরণ করছে সেজন্য সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন সরকারের প্রতিহিংসার বিচারে কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যে মিথ্যা মামলায় অন্যরা জামিন  পেয়েছেন, সেই একই মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এজন্য একদিন শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে।
এ সময় রিজভী অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, তাহমিনা আক্তার হাশেমী, সেতারা  বেগম সেতু, রাফিজা আলম লাকী, নার্গিস পারভীন এলিজা, নাসরিন বেগম, নার্গিস পারভীন মুক্তি, নাদিরা বেগম হ্যাপি, আসমা খাতুন, মোস্তারী আক্তার নূপুর, জোহরা খাতুন জুঁই, কাজী রওশন দীল আফরোজ, ফারহানা আক্তার লুবনা, শাহীন সুলতানা খুকী, শামসুন্নাহার, তামান্না খানম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত